বিডি নিউজ ৬৪: রিয়াল মাদ্রিদের হাঁড়ির খবর ভালোই জানেন বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি। বছর দুয়েক আগে রিয়ালের কোচ ছিলেন তিনি। তখন আনচেলত্তির সহকারীর ভূমিকায় ছিলেন রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদান।
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলায় ফরাসি কিংবদন্তির অধীনে থাকা সেই রিয়ালের কাছে হারলো আনচেলত্তির বায়ার্ন। পরাজয়ের ব্যবধানটা খুব বেশি না, ১-০ গোলে। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে এটি রিয়ালের দ্বিতীয় জয়।
৩ ম্যাচের একটিতে হেরেছে রিয়াল। প্রথম ম্যাচে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৩-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল জিনেদিন জিদানের দল। তবে দ্বিতীয় ম্যাচে চেলসির বিপক্ষে লস ব্লাঙ্কসরা জিতেছে ৩-২ গোলে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বায়ার্নের বিপক্ষে খেলতে নামেন আগের ম্যাচে চেলসির বিপক্ষে না খেলা হামেস রদ্রিগেজ, সার্জিও রামোসরা। এদের খেলার ধরন অজনা নয় বাভারিয়ান বস আনচেলত্তির। লড়াইটা বেশ জমিয়েও দিয়েছিলেন ইতালিয়ান কোচের বর্তমান শিষ্যরা।
প্রথমার্ধে গোলশূন্যভাবে কাটানো ম্যাচটিতে রিয়াল আলো খুঁজে পায় ৭৯ মিনিটে। এ সময়ে দূরপাল্লার এক শটে বায়ার্নের জাল কাঁপান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান তারকা দানিলো। এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল