বিডি নিউজ ৬৪: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে চার নারী, দুই শিশু রয়েছে।
আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান বলে জানা গেছে। বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে একদল নারী, পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে।
এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল