গুলেনপন্থী স্কুল বন্ধে তুরস্ককে সহায়তা করবে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: তুরস্কে গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রে থাকা দেশটির স্বেচ্ছা-নির্বাসিত আলেম ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নিয়েছে আঙ্কারা। তুর্কি সরকারকে সহযোগিতা করতে পাকিস্তানও তাদের দেশে থাকা গুলেনপন্থী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে। পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তদন্ত করবে তারা।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরে এ প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। উল্লেখ্য, ফেতুল্লাহ গুলেন বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে তার মতাদর্শ প্রচার করে থাকে। বিশ্বের মোট ১৬০টি দেশে গুলেনের প্রায় ২ হাজার স্কুল রয়েছে। দক্ষিণ এশিয়ারও প্রায় সবগুলো দেশে গুলেনের শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র নীতিমালা বিভাগের প্রধান সারতাজ আজিজ গুলেনের ‘পার্কতুর্ক ইন্টারন্যাশনাল স্কুলস অ্যান্ড কলেজ’ বন্ধ করে দেয়ার বিষয়ে পুরোপুরি সম্মতি জানাননি। এই স্কুল নেটওয়ার্কগুলোতে মোট ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।

ফেতহুল্লা গুলেন ও তার কর্মকাণ্ড রুখতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে তুরস্কের পক্ষ থেকে স্কুলগুলো বন্ধের অনুরোধ জানানো হয়। তুরস্ক সরকারের অভিযোগ, গুলেন ও তার অনুসারীরাই গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য দায়ী। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা গুলেন নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, গুলেনের সন্ত্রাসী দলকে সমূলে উৎপাটন করা হবে। এ দলটির নিজেদের প্রতিষ্ঠান রয়েছে এবং পাকিস্তানসহ অনেক দেশে যার উপস্থিতি থাকার বিষয়ে কোনো সন্দেহ নেই। এসব স্কুল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, এ বিষয়ে নিশ্চিত আমি। যে দেশগুলোয় এ ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে, তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা চরম ঝুঁকির মধ্যে। ফলে এসব প্রতিষ্ঠান নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে।

এছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রে বিজয় অর্জন করায় তুরস্ককে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান অবশ্যই এ স্কুলগুলো নিয়ে তদন্ত করবে। তবে এ প্রতিষ্ঠানগুলো যদি ভালো ব্যবস্থাপনায় পরিচালনার পাশাপাশি সুশিক্ষা দিয়ে থাকে তাহলে এগুলো বন্ধ নাও হতে পারে। আমরা এক্ষেত্রে বিকল্প পথের অনুসন্ধান করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *