বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের ভূঞাপুরের বন্যাদূর্গত রামাইল, শুশুয়া, গোবিন্দপুর এবং বোরার বয়রা, চরবিহারী, রুলিপাড়া এলাকার বানভাসি ৭০০ পরিবারের মাঝে আজ বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি দুই কেজি চাল, দুই কেজি চিড়া, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ বেনজীর আহম্মেদসহ বিভিন্ন বিভাগের প্রধানরা, রোভার স্কাউট, গার্লস ইন রোভার এবং রেড ক্রিসেন্টের সদস্যরা। ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ বেনজীর আহম্মেদ বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে ইবরাহীম সরকারি খাঁ কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।” তিনি বলেন, “বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল