নির্মাতা ছাড়াই শুরু হচ্ছে নিরব-মমর ছবি

বিডি নিউজ ৬৪: নিরব-মম জুটি হয়ে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ‘আমি শুধু তোর হবো’ ছবিতে। রফিক শিকদারের পরিচালনা। আয়োজন করে মহরতও হয়েছিলো। কিন্তু শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে ঘটে গেলো বিপর্যয়!

ছবির নায়ক নিরব ও পরিচালক রফিক শিকদার মুখোমুখি অবস্থান নিলেন। পাল্টাপাল্টি অভিযোগের পাল্লা ভারি হতে হতে পরিচালকের মুখ থেকে এ ঘোষণাও বেরিয়ে এসেছিলো, ছবিটি আর হচ্ছে না। নিরব ও মমকে বাদ দিয়ে নতুন করে ছবিটি শুরু করার ইচ্ছার কথা জানিয়েছিলেন পরিচালক।

‘আমি শুধু তোর হবো’ হচ্ছে না ঠিকই। কিন্তু নিরব-মমকে নিয়েই আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন প্রযোজক মিল্টন। আগের নামের সঙ্গে মিলিয়ে নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ভালোবেসে তোর হবো’। আগের ছবির চিত্রনাট্য ছিলো রফিক শিকদারের, এবারের চিত্রনাট্যটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

তবে পরিচালনা কে করবেন- সেটি এখনও ঠিক হয়নি। এদিকে প্রযোজক সূত্রে জানা গেছে, ৫ আগস্ট থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। নিরব বলছেন, ‘কথা ছিলো ৫ তারিখে শুটিংয়ে যাবো। আমরা যাচ্ছি। এখনও পরিচালক ঠিক হয়নি। আমরা গানের শুটিং করবো।’ শুটিং হবে পাবনায়। ছবির গানগুলো পরিচালনা করবেন তানজিল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *