বিডি নিউজ ৬৪: জঙ্গি সংগঠনে যোগ দেয়া এবং যোগ দেয়ার উদ্দেশ্যে ঘরছাড়া তরুণদের অভয় দিয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেছেন, ‘ধর্মীয়ভাবে বিভ্রান্ত হয়ে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, স্বাভাবিক জীবন ও পরিবারে আসতে চায়, তাহলে তাদের পরিবারকে সহায়তা দেয়া হবে। তাদের ভয়ের কোনো কারণ নাই।’
আর বিভিন্ন ঘটনায় যাদের নাম এসেছে, তারা ফিরতে চাইলে তাদেরও দেশের প্রচলিত আইনে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইজিপি।
মঙ্গলবার (২ আগস্ট) পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এর আগে, গত ১৮ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদও জঙ্গিদের ঘরে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘কোনো জঙ্গি যদি ফিরে তার দলের ব্যাপারে তথ্য দেয় এবং নিজের কৃতকর্মের দায় স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। পরিবারকেও নিরাপত্তা দেয়া হবে।’
আর জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২৫ জুলাই দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর অবশেষে ৬৮ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে এলিট ফোর্স র্যাব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল