বিডি নিউজ ৬৪: টাইফুন নিডার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং। সেখানকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের দেড়শেয়ের বেশি ফ্লাইট। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে হংকংয়ে আঘাত হানে ঘূর্ণিংঝড় নিডা। এ সময় দেশটির বিভিন্ন স্থানের ওপর দিয়ে ঘণ্টায় ১শ কিলোমিটারের অধিক বেগে ঝড়োহাওয়া প্রবাহিত হয় বলে রয়টার্স জানিয়েছে। ঝড়ের পাশাপাশি ভারি বৃষ্টিপাত হয় বলেও খবর পাওয়া গেছে। এ কারণে নিচু এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। হংকংয়ে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বড় ঘূর্নিঝড়।
হংকং বিমানবন্দর থেকে জানানো হয়েছে, টাইফুন নিডার কারণে তারা দেড়শ’র বেশি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ক্যাথে প্যাসিফিক ও ড্রাগন এয়ার নামের এয়ালাইন্স দুটি মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত তাদের কোনো ফ্লাইট চলবে না বলেও জানিয়ে দিয়েছে। ফলে বিমানবন্দরটিতে ভিড় জমিয়েছে অপেক্ষমান শত শত যাত্রী।
ঝড়ের কারণে হংকংয়ের বিভিন্ন স্থানে ফেরি, ট্রাম ও বাস চলাচলও বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের ওপর আগাম সতর্কতা জারি করার কারণে সোমবার সন্ধ্যা থেকেই জনশূন্য হয়ে পড়েছিল হংকংয়ের রাস্তাঘাট। ঝড়ের আগে গোটা হংকং জুড়ে ৮ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছিল। ফলে লোকজন কর্মক্ষেত্র থেকে আগেভাগেই বাড়ি ফিরে আসে। মঙ্গলবারও বন্ধ রয়েছে সেখানকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুলকলেজ।
এদিকে মঙ্গলবার সকালে হংকংয়ে আঘাত হানার পর চীনের গুয়াংডং অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে টাইফুন নিডা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল