বৃষ্টির দিনে রাহানের সেঞ্চুরি

বিডি নিউজ ৬৪: অ্যান্টিগায় সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। এবার জ্যামাইকায় ভারতের প্রথম ইনিংসেও দুই সেঞ্চুরিয়ান। লোকেশ রাহুলের পর সেঞ্চুরি করেছেন আজিঙ্কা রাহানে। বৃষ্টির রোষে পড়া তৃতীয় দিনের খেলায় ১০৮ রান করে অপরাজিত থেকেছেন রাহানে। তিনি করেছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ভারত ৯ উইকেটে ৫০০ রানে করেছে ইনিংস ঘোষণা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিন শুরু করবে ৩০৪ রানে পিছিয়ে থেকে।

এই সিরিজে এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রানের ইনিংসটি ২৪৩ এর। জ্যামাইকায় তাই কঠিন কাজ তাদের সামনে। অফ স্পিনিং অল রাউন্ডার রোস্টন চেজ ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন বল হাতে। কিন্তু এখন স্বাগতিকদের ব্যাট হাতে পরীক্ষা দেওয়ার পালা।

রাহানে ব্যাটে দারুণ ধারাবাহিক। আর ক্যারিবিয়ান মাটিতে সেঞ্চুরি পাওয়া তো বিশেষ ব্যাপার। টানা অষ্টম সিরিজে এই ব্যাটসম্যান অন্তত ৯০ রানের ইনিংস খেললেন। শেষ চার ইনিংসে এটি তার তৃতীয় সেঞ্চুরি। প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ২২ রানে আউট হয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টেই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে সন্তুষ্ট তিনি। তবে সেঞ্চুরি করতেই হবে এমনটা ভাবেন না রাহানে। তার লক্ষ্য থাকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার।

এদিন তার সেঞ্চুরিটা নাও হতে পারতো। ভারতের ৪৫৮ রানে জোড়া আঘাত হানেন রোস্টন। পরপর দুই বলে তুলে নেন অমিত মিশ্রা ও মোহাম্মদ শামিকে। উমেষ যাদবের (১৯) সাথে নবম উইকেটে ৪২ রানের জুটি হয় রাহানের। সেঞ্চুরি প্রসঙ্গ আসতেই রাহানে বলেছেন, “আসলে আমি আমার সেঞ্চুরির কথা ভাবছিলাম না। মিশ্রা ও শামি আউট হলে উমেষকে নরমাল ক্রিকেট খেলতে বলেছি। ৮৪-৮৫ রানেও আমি নরমাল খেলতে চেয়েছি। এর মধ্যে অফ স্পিনার তার লং অফ সরিয়ে দিলে আমি সুযোগ নিয়েছি। ৯৫ রানেও নরমাল খেলেছি। সেঞ্চুরির পর আরো শট খেলার চেষ্টা করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *