বিডি নিউজ ৬৪: আত্মসমর্পণের কথা থাকলেও আদালতে যেতে পারেননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। টানা তিনদিন ‘অবরুদ্ধ’ থাকার পর আজ সোমবার (০১ আগস্ট) সকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হলেও আদালতে যাননি তিনি। পল্লবী থানার নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল তার।
রিজভীর আত্মসমর্পণের তথ্যটি নিশ্চিত করে তার আইনজীবী বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রোববার রাতে বাংলামেইলকে জানান, পল্লবী থানার নাশকতার মামলায় গত ২৫ জুলাই রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় তিনি ১ আগস্ট আদালতে আত্মসমর্পণ করতে আসবেন।
রিজভীর আদালতে হাজির না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিকেল ৪টার দিকে তিনি বলেন, ‘আজকে (সোমবার) আর আদালতে আসার সুযোগ নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেকোনো দিন আদালতে আসতে পারেন।’
অন্যদিকে, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘যতটুকু জেনেছি, রুহুল কবির রিজভী সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো সময় আদালতে হাজির হবেন তিনি।’
পরোয়ানা মাথায় নিয়ে গত ২৯ জুলাই থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ ছিলেন রুহুল কবির রিজভী। ওইদিন বেলা ১১টায় সেখানে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয় নিয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনের পর কার্যালয়টির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে যায়। ফলে সেখান থেকে আর বের হতে পারেননি রিজভী।
এদিকে, ‘অবরুদ্ধ’ হয়ে পড়া রুহুল কবির রিজভী যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বেআইনিভাবে হয়রানির শিকার না হন, সেজন্য রোববার (৩১ জুলাই) বিকেলে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তার আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করা হয়। তবে বিচারক এ ব্যাপারে কোনো আদেশ দেননি। শুনানির পর আবেদনটি রেখে দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় রুহুল কবির রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে, আগামী ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলায় আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল