কুবিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ৬

বিডি নিউজ ৬৪: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুগ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে আবাসিক হল থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ তথ্য বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ তবে তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

আটককৃত ছয়জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার।

দুপুরে আবাসিক হলগুলোতে পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন দল তল্লাশি চালিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, নজরুল হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), বেশকিছু রড, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ মাহবুব এ তথ্য জানান। নিরাপত্তার পুরো বিষয়টি তদারকি করেছেন পুলিশ সুপার আবিদ হোসেন।

এদিকে সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কুবি রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ট্রেজারার কুন্ডু গোপীদাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয় প্রক্টর আইনুল হক ও সদস্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আহসান উল্ল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *