বিডি নিউজ ৬৪: তুরস্কে সাম্প্রতি ব্যর্থ অভ্যুত্থানের পর মানহানি সংক্রান্ত অভিযোগে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।
শুক্রবার তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এরদোয়ান বলেন,‘আমার বিরুদ্ধে অপমানকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য যেসব মামলা দায়ের করা হয়েছিল, আমি সেগুলো প্রত্যাহার করে নিচ্ছি।’ তিনি নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবেও বর্ণনা করেন। তাকে অসম্মান করা বা তার মানহানি করার অভিযোগে চলতি বছরের গোড়ার দিকে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দুই হাজার মামলা হয়েছিল।
তবে অভুত্থানের পর তুর্কি সরকারের ধরপাকড়সহ বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই ‘তুরস্কের বন্ধু’ হিসেবে বিবেচনা করা যায় না। সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোয়ান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করে তিনি বলেছেন, ‘যার যার নিজের কাজে মন দিন।’
এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন জেনারেলের বিরুদ্ধে তুরস্কে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালানোর পরিকল্পনাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলেছেন। এমন অভিযোগকে ভিত্তিহীন এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন মার্কিন জেনারেল জোসেফ ভোটেল।
তুরস্কে গত ১৫ জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ২৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যে অভ্যুত্থানকারী ১০৪ জন। বাকিরা পুলিশ ও বেসামরিক লোকজন।
ওই অভুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭শ সেনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে সামরিক বিভাগের প্রায় ৪০ ভাগ উচ্চপদস্থ কর্মকর্তাকে। এছাড়া ৬৬ হাজারের বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫০ হাজার পাসপোর্ট। বন্ধ করে দেয়া হয়েছে ১৪২টি পত্রিকা ও সংবাদ মাধ্যম। আটক করা হয়েছে কয়েকজন সাংবাদিককেও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল