বিডি নিউজ ৬৪: আগামী দুই দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাড়ে ৬ হাজার বন্দিকে নব নির্মিত কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান।
তিনি জানান, শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার সন্ধ্যার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে সাড়ে ৬ হাজার বন্দিকে কেরাণীগঞ্জের নব নির্মিত কারাগারে স্থানান্তর করা হবে।
তিনি আরো জানান, নব নির্মিত কারাগারে বন্দিদের থাকার জন্য ইতোমধ্যেই সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরাণীগঞ্জের নতুন কারাগারে বন্দি স্থানান্তরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্যরা ওই দুই দিন প্রতিটি রাস্তায় কড়া প্রহরায় নিয়োজিত থাকবেন।
কারাসূত্রে জানা যায়, কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে প্রায় ১৯৪ একর জায়গার ওপর চার শতাধিক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম এই কারাগারটি। এর ধারণক্ষমতা প্রায় ৮ হাজার।
১৯৮০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে বেশ কয়েকটি বড় আবাসিক ভবন গড়ে ওঠে। এতে কারাগারের নিরাপত্তা ও গোপনীয়তা উভয়ই বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন তৎকালীন সরকার।
আর তাই সে বছরের ১৬ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা সংক্রান্ত কাউন্সিলের এক সভায় ঢাকা কেন্দ্রীয় কারাগার সরানোর বিষয়টি প্রথমবারের মতো উঠে আসে। ১৯৯৪ সালে একে চূড়ান্তভাবে সরিয়ে দুটি কারাগার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে একটি গাজীপুরের কাশিমপুরে ও অন্যটি কেরাণীগঞ্জে।
অবশেষে ২০০৬ সালে একনেকে কেরাণীগঞ্জের এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০১১ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু পরে তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৭ সাল পর্যন্ত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল