বিডি নিউজ ৬৪: হজ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ধর্মমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারই প্রথমবার হজ কার্যক্রমে প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এ ছাড়া হজ ব্যবস্থাপনা ও হাজিদের সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজযাত্রীরা হজ পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন বলেও জানান মতিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক হাসান জাহাঙ্গীর আলম। ধর্ম মন্ত্রণালয় আয়োজিত হজযাত্রীদের এ প্রশিক্ষণ কর্মশালা সারাদিনব্যাপী চলবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম এ আউয়ালসহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল