বিডি নিউজ ৬৪: কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পেয়ে অস্বস্তিতেই রয়েছেন মোস্তাফিজুর রহমান। এর জন্য গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলতে পারেননি তিনি। রোববার চেল্টানহামে অনুষ্ঠিত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচটিতে ৫১ রানে হেরে গেছে সাসেক্স। আজ বুধবার ওই ওয়ানডে কাপের ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামছে লুক রাইটের দল। এই ম্যাচেও খেলতে পারছেন না মোস্তাফিজ। নিজেদের অফিসিয়াল ওয়েবে বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স। হোভের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ইংল্যান্ডে গিয়ে নিজের দ্বিতীয় ম্যাচে সারের বিপক্ষে খেলতে নেমে চোট পান মোস্তাফিজ। পরে এমআরআই করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন মোস্তাফিজ। সেখানে তিনি পেয়েছেন দুঃসংবাদই। তার বাম কাঁধের স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রিপোর্ট নিয়ে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করার কথা ছিল বাঁহাতি পেসারের।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের ইনজুরির চূড়ান্ত সমাধান করা যেতে পারে দু’ভাবে। এক. ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে, দুই. অস্ত্রোপচারের মাধ্যমে। সার্জন টনি কোচার হয়তো শেষ পর্যন্ত এর যেকোনো একটি পথই বেছে নেবেন। এ ছাড়া পুনর্বাসন এবং ব্যথানাশক ইনজেকশনের মাধ্যমে সাময়িক উপশম সম্ভব। তবে ব্যথানাশক ইনজেকশন বা ওষুধ দিয়ে মোস্তাফিজকে না খেলানোর নির্দেশনা বিসিবি থেকে কঠোরভাবেই দেয়া আছে ইংল্যান্ডের কাউন্টির দলটিকে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবারের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের ম্যাচে গ্ল্যামরগানের বিপক্ষে বাংলাদেশের কাটার মাস্টারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাসেক্স। এর ঠিক দুই দিন পর সমারসেটের বিপক্ষে ওয়ানডে কাপের ম্যাচ রয়েছে লুক রাইটদের।
প্রসঙ্গত, ইংল্যান্ডে গিয়ে সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। প্রথমটিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। তবে দ্বিতীয় ম্যাচে পারেননি মোস্তাফিজ, আর তাতে পারেনি সাসেক্সও। ম্যাচটিতে সারের কাছে হেরে যায় তারা, ৬ উইকেটে। ওই ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।
সাসেক্সের স্কোয়াড: লুক রাইট (অধিনায়ক), জোফরা আরচার, উইল বেয়ার, বেন ব্রাউন, ড্যানি ব্রিগস, গ্রেইগ কাচোপা, জর্জ গারটন, ক্রিস জর্ডান, এডি জয়েস, ক্রিস ন্যাশ, আজমল শেহজাদ ও ফিল সল্ট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল