বিডি নিউজ ৬৪: ক্রিকেট বিশ্বে উদীয়মান দল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টি২০তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ সালে পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে ক্রিকেট বোর্ড দুটি সম্মত হয়েছে। জিম্বাবুয়ে বাদে এই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে শুধু জানানো হয়েছে যে আগামী জুনের মাঝামাঝি সময় এটি শুরু হতে পারে।
আইসিসির পূর্ণ সদস্য দলের সঙ্গে মাত্র দুটি সিরিজ খেলেছে আফগানিস্তান। ২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল দলটি। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছিল তারা। দুই মাস পর আরব আমিরাতে আফ্রিকার দলটির সঙ্গে ফিরতি সিরিজ খেলেছিল তারা। উভয় সিরিজেই এশিয়ার দলটি জিতেছিল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাহী মাইকেল মুইরহেড বলেছেন, ‘এই সিরিজ ক্রিকেটে আরো বৈচিত্র্য নিয়ে আসবে। এই অঞ্চলে আরো দল সফরে নিয়ে আসতে পারায় আমরা আনন্দিত।’
গত টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। সুপার টেনের ম্যাচে ক্যারিবীয় দলটিকে ৬ রানে হারিয়ে দিয়েছিল আফগানরা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজই চ্যাম্পিয়ন হয়েছিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল