বিডি নিউজ ৬৪: স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের প্রথম সরকারকে মুজিবনগর সরকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্ঠা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
সোমবার সন্ধায় রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘর আয়োজিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকারকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ না বলে মুজিব নগর সরকার বললে আমার কাছে খারাপ লাগে। আমি সেই সরকারের প্রথম মন্ত্রী পরিষদ সচিব ছিলাম। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে লেখা একটি চিঠিই তার প্রমাণ। চিঠিতে ইন্দিরা গান্ধী তাজ উদ্দিন আহমেদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উল্লেখ্য করেন।’
তিনি বলেন, ‘সে সময় গঠিত সরকারকে ছোট করার জন্যই, বিশেষ করে আমাদের প্রতিপক্ষ, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যাদের এখনো পাকিস্তানপ্রীতি যায়নি, তারাই বলার চেষ্টা করছে মুজিব নগর সরকার। আসলে তাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো বিভাজন সৃষ্টি করে দেয়া। তারা এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে, যারা যুদ্ধে গেছে তারা মুজিবনগরী আর অন্যরা অমুজিবনগরী। তাদের মূল উদ্দেশ্য ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ‘মুজিব নগর সরকার’ হিসেবে প্রতিষ্ঠা করা।’
তাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে এইচ টি ইমাম বলেন, ‘তাজউদ্দিন ছিলেন বিশ্বাস ও আস্থার প্রতীক।’
তাজউদ্দিন আহমেদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, ‘নীতি ও আদর্শবোধে অটল ও গণমানুষের উৎকৃষ্ট নেতা হিসেবে অনন্য উদাহরণ ছিলেন ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি বিশ্বাসের জায়গা গড়ে তুলেছিলেন। দেশকে ভালবেসে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করলে তাজউদ্দিন আহমেদের আত্না শান্তি পাবে।’
এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্ট্রি সারোয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে তাজউদ্দিন এক অনন্য ভুমিকা পালন করেছিলেন। এক কথায় বলতে পারি তিনি ছিলেন বাংলাদেশের ‘ট্র্যাজিক হিরো’।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল