ছাত্রলীগকে প্রতিহত করার হুঁশিয়ারি ছাত্রদলের

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘প্রতিকারহীন অন্যায়’ দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ করে প্রয়োজনে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো.আকরামুল হাসান এ হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ছাত্রীরা। মিছিল নিয়ে শত শত ছাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় জড়ো হন। এক পর্যায়ে তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ছাত্রীদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় অন্তত ২৫ জন ছাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ছাত্রীদের বিক্ষোভ মিছিলে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন ছাত্রদল নেতৃদ্বয়।

বিবৃতিতে তারা বলেন, ছাত্রলীগের প্রতিকারহীন ভয়াবহ সব অন্যায় কুরে কুরে খেয়ে ফেলছে শিক্ষার সম্ভাবনাকে। দেশজুড়ে তাদের বর্বরোচিত তাণ্ডবলীলা দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এ হামলা ছাত্রলীগের বর্বরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।

ছাত্রদল নেতৃদ্বয় নিরীহ ছাত্রীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ ‘পাণ্ডাদের’ গ্রেপ্তার, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে বাধ্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *