ইসলামাবাদে দূতাবাসের কর্মীদের সন্তানদের দেশে পাঠাতে নির্দেশ ভারতের

বিডি নিউজ ৬৪: জঙ্গী হামলার আশঙ্কায় ভারতীয় দূতাবাসের কর্মীদের সন্তানদের ইসলামাবাদের স্কুলে না পড়িয়ে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইসলামাবাদের স্কুল গুলো ভারতীয় দূতাবাসে কর্মীদের সন্তানদের জন্য মোটেও নিরাপদ নয়। তাই তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। খবর-টাইমস অব ইনন্ডিয়া।

ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মীদের ৫০ জন সন্তান বর্তমানে দেশটিতে অধ্যায়নরত আছে। নিরাপত্তার কথা ভেবেই তাদের পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘মাঝে মাঝেই দূতাবাসগুলোর কর্মীদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। পাকিস্তানের ক্ষেত্রেও এটাই করা হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান শিক্ষাবর্ষ থেকেই শিশুদের পাকিস্তানের বাইরে অন্য যে কোন জায়গায় স্কুলে ভর্তি করাতে হবে। ফলে বর্তমানে বন্ধ থাকা পাকিস্তানের স্কুলে ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানরা আর ফিরছে না। ছুটির পর তারা ভারতে ফিরবে অথবা অন্য কোনও দেশে ভর্তি হবে।

তবে সরকারি সূত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দাদের পাঠানো সতর্কতার পর এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। গোয়েন্দা সূত্রের মতে, ‘দূতাবাসের কর্মীদের সন্তানরা হলো জঙ্গিদের সফট টার্গেট।

বর্তমানে পাকিস্তানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জঙ্গিরা বাচ্চাদের টার্গেট করতে পারে। সে জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। উল্লেখ্য, এর আগে তালেবানরা পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে। তাতে অনেক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *