কারাগার জঙ্গিদের বৈঠকের সুযোগ নেই

বিডি নিউজ ৬৪: কারাগার থেকে জঙ্গিরা বাইরে নির্দেশনা দেয় ও নিজেদের মধ্যে বৈঠক করে- এমন অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান। তিনি বলেন, কারাগার থেকে বাইরে মোবাইলে বা অন্য কোনোভাবে কথা বলার সুযোগ নাই। তাই কারাগারে থাকা জঙ্গিদের বাইরে নির্দেশনা প্রদানের সুযোগ নাই। একইসঙ্গে কারাগারের ভিতরেও নিজেদের মধ্যে বৈঠকের সুযোগ নেই। কারাবন্দিদের পড়ার জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া বই গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জঙ্গিনেতা মুফতি হান্নানের সঙ্গে কারাগারে থাকা অন্য জঙ্গিদের বৈঠকের বিষয়েও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কর্নেল ইকবাল হাসান বলেন, কারাগারে স্বজনরাই কেবল বন্দিদের সঙ্গে দেখা করতে পারে। এটা আমরা বন্ধ করতে পারি না। কারণ কারাগার সংশোধনাগার। এ সুযোগ তাদের দিতেই হবে। সোমবার রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসানের কাছে এক লাখ টাকার বই তুলে দেন। এ সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, গত ২৬ জুন প্রধান বিচারপতি কাশিমপুর কারাগার পরিদর্শনের সময় বন্দিদের বই পড়তে দেখেন। কিন্তু লাইব্রেরিতে তেমন বই না থাকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর এক লাখ টাকার বই সেই লাইব্রেরিতে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই হিসেবে ১৫৭টি বই কারা কর্তৃপক্ষের কাছে আমরা প্রদান করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেজিস্ট্রার জেনারেল বলেন, যে সব বয়োবৃদ্ধ লোক কারাগারে রয়েছেন এবং যে সব জেল আপিল দীর্ঘদিন অনিস্পন্ন আছে সেগুলো কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা তালিকা করছি। তালিকা তৈরির পর এগুলো নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রদান বিচারপতি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *