বিডি নিউজ ৬৪: দেশে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে আমাদের প্রত্যেকটি পরিবারের পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। কারণ প্রত্যেকটি পরিবারই এক একটি থানা। আর অভিভাবকদেরকে নিজ নিজ পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতিই সুদৃষ্টি রাখতে হবে। যাতে তারা কেউ বিপদগামী না হয়। আজ রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া থানা পরিদর্শনকালে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন।
ডিআইজি আরো বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটিসহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক বদরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল