রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ পিছিয়ে কাল

বিডি নিউজ ৬৪: রাজধানীর ঢাকার আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্ধারিত অভিযান একদিন পিছিয়ে সোমবার (২৫ জুলাই) শুরু হচ্ছে।

রোববার (২৪ জুলাই) ধানমন্ডি এবং উত্তরায় একযোগে এ অভিযান শুরুর ঘোষণা দেয়া হলেও প্রয়োজনীয় পুলিশ না পাওয়ায় তা পেছানো হয়েছে বলে দুপুরে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২৪ জুলাই) থেকে উত্তরা এবং ধানমন্ডি থেকে উচ্ছেদের এ অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে চলবে অন্য এলাকায়ও।

আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে বেশ কয়েকবার সিদ্ধান্ত নিয়েও রহস্যজনক কারণে পিছিয়ে আসে রাজউক। গত ১ জুলাই গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর সরকারের নীতিনির্ধারকদের নির্দেশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত নেয় রাজউক। কূটনৈতিক জোনে অবৈধ এসব স্থাপনা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা হিসেবে রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতালসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে চিহিৃত করা হচ্ছে।

রাজউকের পরিচালক (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহা বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের জন্য আমাদের পুরো প্রস্তুতি ছিলো। কিন্তু পুলিশ না পাওয়ায় অভিযান শুরু করা যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, সোমবার (২৫ জুলাই) রাজউকের ধানমন্ডি-উত্তরার পাশাপাশি গুলশান জোনেও অভিযান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *