বিডি নিউজ ৬৪: বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলামকে (৩৮)-কে অবশেষে মৃত ঘোষণা করা হয়েছে ।
শনিবার রাত ৯টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর রাত ১০টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১০ জুলাই তারাজুলের স্বজন এবং দলীয় নেতাকর্মীরা তার মৃত্যুর বিষয়টি প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি অস্বীকার করা হয়। এরপর থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুলকে মৃত ঘোষণার পর তার দলীয় নেতাকর্মীও শুভাকাঙ্ক্ষিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ৯ জুলাই শনিবার ভোর রাতে গাবতলী উপজেলার আটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে শোবার ঘরে গুলিবিদ্ধ হন তারাজুল। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এরপর সেখান থেকে সিরাজগঞ্জ খাজা এনায়েত মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখার পর রোববার সন্ধ্যায় তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। ওই রাতেই তার মাথায় অপারেশন করে একটি গুলি বের করা হয়। এরপর থেকেই তিনি ওই ক্লিনিকে লাইফ সাপোর্টে ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল