বিডি নিউজ ৬৪: আগামী মাসে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকের আগে নিজের সামর্থ্যের জানান দিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে বর্ষপূর্তি গেমসে পুরুষের ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার।
আগস্টের ৫ তারিখ রিও অলিম্পিক শুরু হবে। এবারও ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে সোনা ধরে রাখার লড়াইয়ে নামবেন বোল্ট। ২০০৮ সালে বেইজিংয়ে ও ২০১২ সালে লন্ডনে দুটি স্বর্ণপদকই জিতেছিলেন এই দৌড়বিদ।
লন্ডনে এবার ১৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন ছয়টি অলিম্পিক স্বর্ণ পদক জয়ী উসাইন বোল্ট। তার চেয়ে ০.১৫ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন পানামার অলোনসো এডওয়ার্ড। কমনওয়েলথে রৌপ্য পদক বিজয়ী ব্রিটেনের অ্যাডাম জেমিলি ২০.০৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।
ইনজুরির কারণে চলতি মাসের শুরুর দিকে জ্যামাইকার ট্রায়ালে অংশ নিতে পারেননি বোল্ট। তাতে রিওতে তার পারফরম্যান্স কেমন হয় সেটা নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। কিন্তু লন্ডনে চ্যাম্পিয়ন হয়ে দেখালেন বোল্ট বোল্টের মতোই আছেন।
এ বছর ২০০ মিটারে দ্রুততম সময়ের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লাশন মেরিট। তিনি ১৯.৭৪ সেকেন্ট সময় নিয়েছেন। তবে বোল্টের বিশ্ব রেকর্ড ১৯.১৯ সেকেন্ড। সেটি করেছিলেন ২০০৯ সালে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল