বিডি নিউজ ৬৪: জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিংসেন্টারে হামলার ঘটনা সামাল দিতে জার্মানিকে সব ধরনের সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদিও এখনো জানি না সেখানে আসলে কী ঘটছে। কিন্তু যারা ঘটনার শিকার হয়েছে নিশ্চিতভাবেই তাদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে।’ তবে এ কথাগুলো বলতে বলতে এক সময় হেসে ফেলায় বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওই কথা বলতে বলতে আচমকা টেনে আনলেন বড় মেয়ে মালিয়া ওবামার কলেজ পাস করার প্রসঙ্গ। তাতে শ্রোতাদের মধ্যে হাসির ঝড় উঠল ঠিকই কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলে ওবামার তো মুখ পুড়লই, যুক্তরাষ্ট্রের জঙ্গিদমনে নিষ্ঠা নিয়েও উঠলো প্রশ্ন।
যদিও হোয়াইট হাউসের পাশে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে জঙ্গিহামলা নিয়ে ঠিক পথেই বক্তব্য শুরু করেছিলেন ওবামা। বলেছিলেন, সন্ত্রাসবাদ কীভাবে মানুষের স্বাধীনতা ও জীবনচর্যা একটু একটু করে কেড়ে নিচ্ছে। তিনি বলেন, ‘জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী। তাই এই বিপদের দিনে যুক্তরাষ্ট্র সবদিক দিয়ে তাদের পাশে থাকতে প্রস্তুত।
তারপর তিনি বলেন পুলিশ ও গোয়েন্দাদের নজরদারির বাইরে প্রতিদিনের জীবনযাত্রার কথা, যা জঙ্গি হামলায় তছনছ হয়ে যাচ্ছে। জীবন, স্বাধীনতা, প্রতিদিনের কাজকর্ম, ছেলেমেয়েদের বড় করা, তাদের বড় হওয়া, হাইস্কুল থেকে পাস করে যাওয়া- তারপরই আচমকা ব্যক্তিগত হয়ে গিয়ে তিনি হেসে ফেলে বলেন, ‘তখনই তারা তাদের বাবাকে ছেড়ে চলে যায়।’ তার কথায় তখন সবাইও হেসে উঠে। তখন তিনি নিজেকে দ্রুত সামলিয়ে বলেন, ‘ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনার জন্য আমি দুঃখিত।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল