বিডি নিউজ ৬৪: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধারারগাঁও এলাকার সুরমা নদী সংলগ্ন সড়কের কালভার্টের সংযোগ সড়ক ভেঙে জেলা শহরের সঙ্গে চার ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার সড়কটি ভেঙে গেলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বর্তমানে তারা নৌকা দিয়ে বিকল্প যাতায়াত শুরু করেছেন। পানির স্রোত বেশি থাকায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ধারারগাঁও কালভার্ট সংযোগ সড়কটিতে গত কয়েকদিন আগেই ফাটল ধরে। শুক্রবার সকালে সংযোগ সড়কটি পাহাড়ি ঢলের বেগ বেশি থাকায় ভেঙে গিয়ে কোরবান নগর, রঙ্গারচর, জাহাঙ্গীর নগর এবং সুরমা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের সঙ্গে শহরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে এসব এলাকার লোকজন নৌকা দিয়ে যাতায়াত শুরু করেন।
কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত জানান, সম্প্রতি তিনি সংযোগ সড়কটির ব্যাপারে এলজিইডির সংশ্লিষ্টদের কাছে সংস্কারের কথা বলেছিলেন। সংস্কারের উদ্যোগ নেয়া হলে সড়কটি ভাঙতো না। তিনি বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ার ফলে চারটি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা জেলা শহরের সঙ্গে বিচ্ছিন্ন। সড়কটি ভাঙার পর আমি সংশ্লিষ্টদের আবার অবগত করেছি।’
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমেদ বলেন, ‘পাহাড়ি ঢলে আমাদের অনেক সড়ক কালভার্টের ক্ষতি হয়েছে। পানি কমে গেলে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্লাবিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বর্তমানে পানি কমতে শুরু করেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল