স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক

বিডি নিউজ ৬৪: রংপুরের কাউনিয়া উপজেলায় পোশাক শ্রমিক স্ত্রী লতা বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী আমিনুল ইসলাম বাবুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতারমোড় বাজেমজকুর গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লতা বেগম বাজেমজকুর ৩নং কলোনি গ্রামের পলাতক আমিনুল ইসলাম ওরফে বাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানায়, বছর দুয়েক আগে গাজীপুরের এক পোশাক কারখানায় কাজ করার সময় ঢাকার গাজীপুরের সখিপুর এলাকার লতা বেগমকে বিয়ে করেন বাবুল। বিয়ের বিষয়টি এতোদিন গোপন ছিল।

কাউনিয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গত বুধবার (২০ জুলাই) লতা স্বামী বাবলুর বাড়িতে এলে তা জানাজানি হয়।

শুক্রবার (২২ জুলাই) সকালে ঘরের ভেতর লতার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে স্বামী আমিনুল ইসলাম বাবুল পালাতক রয়েছেন।

এব্যপারে কাউনিয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মামুনুর রশিদ মামুন জানান, মরদেহের সুরাতহাল রিপোর্ট অনুযায়ী তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *