বিডি নিউজ ৬৪: সন্তানদের পর্যাপ্ত সময়, ভালোবাসা ও সুশিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্তানদের পর্যাপ্ত সময়, ভালোবাসা ও সুশিক্ষা না দেয়ায় তারা পথভ্রষ্ট হচ্ছে। সন্তানরা পরিবার, সমাজ ও দেশের সম্পদ। এদের প্রতি যত্নবান হোন। পথভ্রষ্ট হয়ে যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা অমানুষ। তারা পরিবার থেকে উপযুক্ত শিক্ষা পায়নি।
মোহাম্মদ নাসিম বলেন, বাঙালি জাতি ভয়কে জয় করে এগিয়েছে। ভয়কে জয় করে স্বাধীনতা, গণতন্ত্র এনেছে। কেউ ঘরে বসে থাকেনি। তাই ভয়কে জয় করেই আমরা এগিয়ে যাবো। কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাল্য বিবাহের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্য রক্ষায় কিশোরীদের জন্য বিনিয়োগ করতে হবে। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন কাজ করে যাচ্ছে।
এ সময় অন্য বক্তারা বলেন, কিশোরী বয়সে বিয়ে এবং গর্ভধারনের ফলে একদিকে যেমন তারা শিক্ষা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে তাদের মৃত্যু ঝুঁকি অথবা দীর্ঘমেয়াদে অসুস্থ্যতার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। যা পরবর্তীতে মার্তৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারকে ত্বরান্বিত করে। তাই কিশোরীদের জন্য সুযোগ সৃষ্টিকারী খাতে অধিক বিনিয়োগ প্রয়োজন, যাতে তাদের পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব বিমান কুমার শাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইউএনএফপিএর প্রতিনিধি সাথিয়া ডোরাইস্বামী, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল