বিডি নিউজ ৬৪: বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, গুলশানের হলি আর্টিজানে বর্বরোচিত হত্যাকাণ্ডে সর্বস্তরের জনগণের মধ্যে স্বাভাবিকভাবে এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
ওই ঐক্যকে রাজনৈতিকভাবে ‘রূপান্তর’ সম্ভব হলে জাতীয় ভিত্তিতে সাম্প্রদায়িক অপশক্তি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী হবে বলেও মত দেন তিনি।
তিনি বলেন, ‘দেশ বিভাজনের রাজনৈতিক কালো ছায়ার অবস্থানের ফলে একাত্তরে পরাজিত রাজনৈতিক শক্তি, তাদের অনুসারী, পৃষ্ঠপোষকদের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলা খুব কঠিন কাজ। তাই জাতীয় ঐক্য আত্মঘাতী হবে, এই ঐক্যের ডামাডোলে সন্ত্রাসী আশ্রয়-প্রশ্রয় পেয়ে শক্তি সঞ্চয় এবং আত্মরক্ষার সুযোগ পাবে। এর মধ্য দিয়ে ঐক্যের নামে আসল শত্রু আড়াল হয়ে যাবে।’
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ পিকিং গার্ডেনে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন এবং করণীয় নির্ধারণ সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) কেন্দ্রীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
দিলীপ বড়ুয়া বলেন, ‘জঙ্গীবিরোধী রাজনৈতিক মতাদর্শিক সংগ্রামকে তীব্রতর করতে হলে প্যান ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘১৪ দলীয় জোটে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অর্থবহ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।’
দিলীপ বড়ুয়া বলেন, ‘১ জুলাই হলি আর্টিসানে সংঘঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডের কারণে আর্ন্তজাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জনগণের মধ্যে একধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্টির ৭ম জাতীয় কংগ্রেস আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সময় বীরেন সিং, লুতফর রহমান, ম মোসাহিদ, বাবুল বিশ্বাস, এম গনি, সাইমুম হক আবদার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল