বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে সদ্য অনুমোদিত কমিটিতে পদ বঞ্চিত ও আশানুরুপ পদ না পাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনও অবরোধ করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ (সোমবার) সদ্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন না করে অক্ষম ও অযোগ্যদের কমিটিতে আনায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগের এক পক্ষ। পরে ছাত্রলীগের এই পক্ষটি বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ করে। এসময় দুপুরের বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেনটিও অবরোধ করে রাখে তারা।
বিষয়টি স্বীকার বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ও সহকারী প্রক্টররা সেখানে আছে। আমরা কথা বলে বিষয়টি দেখছি।’
হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে তারা।’
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষের পর গত ফেব্রুয়ারির ৯ তারিখ (মঙ্গলবার) রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। চবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে সংঘর্ষের কারণ দর্শাতেও ওই সময়ে বলা হয়েছিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল