বিডি নিউজ ৬৪: লিওনেল মেসির সঙ্গে চেহারার খানিকটা মিল থাকায় তাকে বলা হয়ে থাকে ক্রিকেটের মেসি। স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নও তার বোলিং দেখে মুগ্ধ। লর্ডসে সেই মুগ্ধতা আরো একবার ছড়িয়ে দিলেন ইয়াসির শাহ। মোহাম্মদ আমিরের টেস্টে এরইমাঝে নিজের করে নিতে চলেছেন এই পাক স্পিনার। আগের দিন সেঞ্চুরি করে পাকিস্তানকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক মিসবাহ-উল-হক। শুক্রবার দ্বিতীয় দিনে ইংলিশ ব্যাটসম্যানদের রাশ টেনে ধরেছেন ইয়াসির। তিনি ৬৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৭১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে তুলেছে ২৫৩ রান। পাকিস্তানের থেকে এখনো ইংলিশরা পিছিয়ে রয়েছে ৮৬ রানে। ক্রিজে রয়েছেন লেজের দুই ব্যাটসম্যান ক্রিস ওকস (৩১) ও স্টুয়ার্ট ব্রড (১১)।
এদিন ইংল্যান্ডের ইনিংসে শুরুতেই অ্যালেক্স হেলসকে (৬) ফিরিয়ে আঘাত হানেন রাহাত আলী। অধিনায়ক অ্যালিস্টার কুক দ্বিতীয় উইকেটে জো রুটকে নিয়ে ১১০ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ১১৮ রানে রুটকে হাফিজের ক্যাচে পরিণত করেন ইয়াসির। আউট হওয়ার আগে রুটের ব্যাট থেকে এসেছে ৭৩ বলে ৪৮ রান। চার মেরেছেন সাতটি।
এরপর দ্রুতই জেমস ভিন্স (১৬) এবং গ্যারি ব্যালান্সকে ফেরান ইয়াসির। সেঞ্চুরির দিকে এগোতে থাকা কুককে বোল্ড করে বড় ধাক্কা দেন আমির। অবশ্য তার আগে ইংলিশ অধিনায়ক ১২৪ বলে খেলে দিয়ে গেছেন ৮১ রানের ইনিংস। চার মেরেছেন ১২টি।
ইয়াসিরের সামনে সেট হয়েও ফিরে যেতে হয়েছে জনি বেয়ারস্টো (২৯) ও মঈন আলী (২৩)। ক্রমেই অলরাউন্ডার হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া ওকস ৭৩ বল খেলে ৩১ রানে অপরাতি রয়েছেন। ইয়াসির ২৫ ওভার হাত ঘুরিয়ে ৬৪ রান দিয়ে পকেটে পুরেছেন ৫ উইকেট। আমির ৬৫ ও রাহাত ৬৮ রান দিয়ে তুলে নিয়েছেন একটি করে উইকেট।
এরআগে ৬ উইকেটে ২৮২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করতে নেমে বাকি ৪ উইকেট হারিয়ে ৫৭ রান যোগ করে ৩৩৯ রানে অলআউট হয় পাকিস্তান। ১১০ রানে অপরাজিত থাকা মিসবাহ এদিন মাত্র আর ৪ রান যোগ করে ১১৪ রানে ফিরে যান। ৭০ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন ওকস। ৭১ রানে ৩ উইকেট নিয়েছেন ব্রড।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল