ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে তহুরা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক স্বামী আকাশকে ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামী মো. আকাশ হোসেন তাকে গলা কেটে হত্যা করে। আকাশ আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের মৃত রমজান গাজীর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয়মাস আগে তহুরার সঙ্গে আকাশের বিয়ে হয়। ব্যক্তিগত জীবনে তহুরার আগের পক্ষের ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

তহুরার বাবা জবেদ আলী জানান, যৌতুকের দাবিতে বেশ কয়েকদিন ধরে জামাই মেয়ের ওপর নির্যাতন করত। যে কারণে গত বুধবার সে স্বামীর বাড়ি আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা থেকে মহাম্মদজমা গ্রামে চলে আসে। বিষয়টি নিয়ে আগামী বুধবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্ত তার আগেই বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েকে গলা কেটে হত্যা করে জামাই পালিয়ে যায়। পরে তিওরবিলা গ্রামের লোকজন আকাশকে ধরে পুলিশের সোপর্দ করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *