ডাকাতের হাতে প্রবাসীর স্ত্রী খুন

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে ডাকাতিকালে জাকেরা বেগম (৫২) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য পূত্রবধূ শারমিনকে থানায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকেরা বেগম পূর্ব ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির আবুদাবী প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মুখোশধারী একদল ডাকাত একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে আবুধাবি প্রবাসী রুহুল আমিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী বাধা দিলে ডাকাতরা জাকেরা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় তারা পুত্রবধূকে পাশের রুমে বেঁধে রেখে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী আধার মানিক গ্রামের জসিম নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ সকালে নিহতের পুত্রবধূ শারমিনকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।’

এদিকে, লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) জুনায়েত কাউছার ডাকাতির বিষয়টি অস্বীকার করে জানান, পরকীয়ার জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *