ফ্রান্সে হামলায় ওবামার নিন্দা

বিডি নিউজ ৬৪: ফ্রান্সের জাতীয় দিবসের উৎসবে হামলা চালিয়ে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সন্ত্রাসী তৎপরতা বন্ধে ফ্রান্সের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে দেশটির জাতীয় দিবসে নিচ শহরের কাছাকাছি সমুদ্র সৈকতে আয়োজিত উৎসবে ট্রাক তুলে দেয় এক হামলাকারী। এ সময় উৎসবে আগত মানুষদের উপর এলোপাথাড়ি গুলি চালায় সে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নারী, শিশুসহ নিহত হয়েছে ৮০ জন। আহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

এর কিছুক্ষণের মধ্যে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছেন, এটি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা।’ যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের পক্ষ থেকে এ হামলার নিন্দা জানান ওবামা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবামা বলেন, ‘পুরনো বন্ধু ফ্রান্সের পাশে যুক্তরাষ্ট্র সব সময় আছে। আমরা জানি এই হামলা ও প্রাণহানির ক্ষত ফ্রান্সকে অনেক দিন বয়ে বেড়াতে হবে।’

দেশটির জন কেরি বলেন, প্যারিসে নিযুক্ত মার্কিন দূতাবাস মার্কিনিদের ব্যাপারে খোঁজখবর করছে। কেরি এক বিবৃতিতে বলেন, এই দুঃসময়ে যুক্তরাষ্ট্র ফ্রান্সের পাশে থাকবে। ফ্রান্সকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

ডেমোক্রেটিক দলের সম্ভাব্য  প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে হিলারি ক্লিনটন বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় মিত্রদেশ ও ন্যাটোর সঙ্গে সন্ত্রাস দমনে জোরালো পদক্ষেপ নিতে হবে। উগ্রবাদী জঙ্গি দমনে আমাদের লড়াই চালাতে হবে। বুঝতে হবে এটি অন্যরকম যুদ্ধ।’

একই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কংগ্রেসকে আহ্বান জানাবেন। আজ রানিংমেট ঘোষণার পরিকল্পনা ছিল ট্রাম্পের। ভয়াবহ হামলার কারণে তিনি তা বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *