বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফের হ্নীলার পাহাড়ি এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর নিশ্চিত করে বলেছে, দুইজনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ব্রিজ এলাকার পশ্চিম দিকের পাহাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত দুইজনই ডাকাত এবং তাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এরা নিহত হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেননি।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পায় হ্নীলার দমদমিয়ার পাহাড়ি এলাকায় ২ পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষ পালিয়ে যায়। নিহত দুইজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল