বরিস জনসন যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রেক্সিট পক্ষের অন্যতম নেতা এবং লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।

ডেভিড ক্যামেরন বুধবার বাকিংহাম প্যালেসে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর টেরেসা মেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার অল্প সময় পরেই তিনি নিজের মন্ত্রিসভার নাম ঘোষণা করেন।

তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে জোর প্রচারণা চালানো বরিস জনসন। ব্রেক্সিট ভোটে বিরোধী পক্ষ পরাজিত হওয়ার প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তখন বরিস জনসন ক্যামেরনের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জোর গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরে ক্ষমতাসীন কনজারভেটিব দলের নেতারা প্রধানমন্ত্রী পদের জন্য টেরেসা মেকে সমর্থন দেন। মার্গারেট থ্যাচারের পর তিনি হচ্ছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী পদে আসীন হওয়ার আগে দুই দফা লন্ড শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বরিস জনসন। তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। ২০১২ সালে তিনি ওই পদে পুননির্বাচিত হন। বুধবার বরিস জনসন ফিলিপ হামন্ডের স্থলাভিষিক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *