বিডি নিউজ ৬৪: প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ডিফেন্ডার লুকাস ডিগনেকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে সম্মত হয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
প্রাথমকিভাবে ১৬.৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ডিগনে। পারফরম্যান্সের উপর ভিত্তি করে তার এই মূল্য ২০.৫ মিলিয়ন ইউরোতে উন্নতি হবে।
চলতি ট্রান্সফার মৌসুমে দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে ডিগনেকে দলে নিয়েছে বার্সেলোনা। এর আগে লিগ ওয়ানের দল লিয়নের তারকা স্যামুয়েল উমতিতিকে দলে নিয়েছে স্পেনের ক্লাবটি। তার ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছিল ২৫ মিলিয়ন ইউরো।
কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রান্সের তারকা লুকাস ডিগনেকে দলে নিতে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে বার্সেলোনা। আগামী পাঁচ বছরের জন্য তাকে দলে নেয়া হচ্ছে।’
বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘প্রাথমিকভাবে ১৬.৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয়া হয়েছে। তবে ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে এটি আরো চার মিলিয়ন বাড়তে পারে। ডিগনের বাই-আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।’
আগামী বৃহস্পতিবার বার্সেলোনায় পৌঁছাবে ডিগনে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে ও চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন করা হবে।
লিলির যুব দল থেকে উঠে আসা ডিগনে লেস ডোগাসের হয়ে ৬০ ম্যাচে অংশ গ্রহণ করেছিলেন। ২০১৩ সালে তিনি পিএসজিতে যোগ দেন। ফ্রান্সের শীর্ষ স্থানীয় ক্লাবটির হয়ে ৪৩টি ম্যাচ খেলেছিলেন। তবে গত মৌসুমে ধারে রোমায় খেলেছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল