বিডি নিউজ ৬৪: সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় এক উদ্বাস্তু শিবিরে মঙ্গলবার হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। ওই হমলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সিরিয়ায় জর্দান সীমান্ত সংলগ্ন এলাকায় এটি প্রথম রুশ হামলা।
সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, মঙ্গলবার দুপুর নাগাদ অস্থায়ী ওই শিবিরটিতে হামলা চালায় বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান। সিরিয়া ও জর্দান সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত ওই শিবিরটিতে বসবাসকারীদের অধিকাংশই নারী ও শিশু। হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি সংক্ষেপে এফএসএ মুখপাত্র সেইফ আল কালামনি বলেছেন, ওই অঞ্চলের বৃহত্তম দুটি শরণার্থী শিবিরের একটি হচ্ছে হাদালাত শিবির। ওই শিবির লক্ষ্য করেই হামলা চালিয়েছে রাশিয়া।
উর্ধ্বতন এক পশ্চিমা কূটনীতিক সিরিয়ার ওই শরণার্থী শিবিরে রুশ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক আরো বলেছেন, গতবছরের সেপ্টেম্বরে সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর জর্দানের সীমান্ত সংলগ্ন এলাকায় এটিই প্রথম রুশ হামলা। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জর্দান সেনাবাহিনী। তারা আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল