স্কাইপে কাল ব্যাখ্যা দেবেন জাকির নায়েক

বিডি নিউজ ৬৪: ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গত দুই দিনে দুই দফা বাতিল করে ফের সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে থাকা ভারতীয় ইসলামি এ চিন্তাবিদ এক বিবৃতিতে জানান, স্কাইপে কনফারেন্সের মাধ্যমে এ সংবাদ সম্মেলন হবে। ভারতের ইংরেজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিবৃতিতে জাকির নায়েক জানান, অনুষ্ঠেয় স্কাইপে সংবাদ সম্মেলনে তার সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা, আইনজীবী, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বেশ ক’জন বিশিষ্ট ব্যক্তি।

ঢাকার গুলশানে অভিজাত হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে গত ১ জুলাই রাতে জঙ্গি হামলায় জড়িতদের উৎসাহিত করায় জাকির নায়েকের ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠার পর জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে ভারত ও বাংলাদেশ।

সংবাদমাধ্যমের খবরে উঠে আসে, গুলশান হামলায় অংশ নেয়া দুই তরুণ রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম ভারতীয় এ ইসলামী চিন্তাবিদের অনুসারী। এতে জাকির নায়েকের ধর্মীয় বক্তব্য নিয়ে ফের বিতর্ক দেখা দেয়।  বিতর্কের মুখে শনিবার (৯ জুলাই) ভারত এবং রোববার (১০ জুলাই) বাংলাদেশ ক্যাবল নেটওয়ার্কভিত্তিক এ টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে। সামাজিক যোগযোগের সব মাধ্যমেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে তার ধর্ম নিয়ে সব বক্তব্য এবং লেখা খতিয়ে দেখার কথাও জানায় দুই দেশের সরকার।

ধর্মীয় উত্তেজনা ছড়ানোর বিতর্কে যুক্তরাষ্ট্র ও কানাডা জাকির নায়েকের সফরে নিষেধাজ্ঞা আরোপ করে বেশ ক’বছর আগে। ২০১১ সালে যুক্তরাজ্য সরকারও সেদেশে জাকির নায়েকের সফরে নিষেধাজ্ঞা আরোপ করে।

ওমরাহ পালনে সৌদি আরবে থাকা জাকির নায়েক এক বিবৃতিতে নিজের বক্তব্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, সোমবার মুম্বাইয়ে ফিরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখবেন।

পরে সংবাদ সম্মেলন বাতিল কথা সংবাদ মাধ্যমকে অবহিত করেন জাকির নায়েকের মুখপাত্র ও তার প্রতিষ্ঠিত ইসলামিক রিচার্স ফাউন্ডেশন (আইআরএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য তানভীর শেখ। একই সঙ্গে তিনি জানান, জাকির নায়েক মুম্বাইয়ে ফেরার টিকিট বাতিল করেছেন। পূর্বনির্ধারিত একটি সংবাদ সম্মেলন ও একটি স্কাইপে কনফারেন্সও বাতিল করা হয়েছে বলে জানান আইআরএফ ট্রাস্টি বোর্ডের এ সদস্য। কেন কিংবা কী কারণে জাকির নায়েক যাত্রা বাতিল করেছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

সোমবার রাতে এক বিবৃতিতে মঙ্গলবার (১২ জুলাই) স্কাইপে সংবাদ সম্মেলন করার কথা জানান জাকির নায়েক। পরে আরেক বিবৃতিতে ওই স্কাইপে কনফারেন্সও বাতিলের কথা হয়। বলা হয়, আপাতত দেশে না ফিরে জাকির নায়েক দক্ষিণ আফিকায় যাবেন এবং সেখানে কয়েক সপ্তাহ থাকবেন।

উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া এ চিকিৎসক দাবি করেন বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষ স্যাটেলাইট টেলিভিশন ও ইউটিউবের মাধ্যমে তার বক্তব্য শুনছেন। সমালোচকরা বলছেন, ২০০৯ সালে ইউটিউবে আপলোড করা এক বক্তব্যে জাকির নায়েক বলেছেন, স্বাভাবিক অবস্থায় আত্মঘাতী বোমা হামলা নিষিদ্ধ। পরে বিস্তারিত ব্যাখ্যায় বলেছেন, ফিলিস্তিনের মতো নির্যাতনের পরিস্থিতিতে, ধর্মীয় পণ্ডিতদের পরামর্শে এবং পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী এটি করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *