মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত মেয়র পদে চারজন এবং কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ১০ জন, ও সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন। আগামী সাত আগস্ট ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. ময়নুল হক, বিএনপি নেতা বর্তমান মেয়র মো. মনছুরুল ইসলাম (স্বতন্ত্র), জামায়াত সমর্থিত কাজী আবু জাফর মোহাম্মদ জুল কাদের (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ বিদ্রোহী মো. আবু সুফিয়ান (স্বতন্ত্র)।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৪ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৩ জুলাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী সাত আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৭ জন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও ডোমার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, এর আগে মেয়াদ উত্তীর্ণ না হওয়ার কারণে এই পৌরসভার নির্বাচন পিছিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *