বিডি নিউজ ৬৪: লজ্জায় তখন লাল নোভাক জকোভিচ। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এগিয়ে যাচ্ছেন হারের দিকে। প্রথম দুই সেট হেরে বসে আছেন। নিজেকে খুঁজে পাচ্ছেন না ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ২০০৮ এর পর ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার থেকে আপাতত তাকে রক্ষা করলো বৃষ্টি। শুক্রবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় দুই সেটের পরই। ১২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জকোভিচ সময় পেলেন ফিরে আসার।
তিনবারের উইম্বলডন জয়ী জকোভিচের জন্য ৪৭ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডের হাতছানি। কিন্তু তৃতীয় রাউন্ডে ২৮তম বাছাই স্যাম কুয়েরি ৭-৬ (৮/৬), ৬-১ এ জিতেছেন প্রথম দুই সেট। এই মার্কিন খেলোয়াড়ের সামনে সার্বিয়ান জকোভিচের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।
৭৩ মিনিটের খেলা শেষে এক নম্বর কোর্ট থেকে বৃষ্টির কারণে দুই খেলোয়াড়কে আশ্রয় খুঁজতে হয়। খেলা দিনের মতো শেষ ঘোষণা করা হলে স্বস্তি মেলে জকোভিচের। ইতিহাসে তৃতীয়বারের মতো এবার উইম্বলডনের মাঝের রবিবার খেলা হবে।
কুয়েরির বিপক্ষে ৮-১ এ জয়ের রেকর্ড জকোভিচের। গেলো সাত উইম্বলডনের অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছেন। আট বছর আগে দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন মারাত সাফিনের কাছে।
এদিনই সাত বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন। আর জকোভিচের অবস্থা নাজুক হলেও ফেদেরার মনে করেন, স্যাম হয়তো পারবে না। ফেদেরারের ভাষায়, “স্যামকে এখনো অনেক দুর যেতে হবে। সে (জকোভিচ) হারছে না। এটাই তার সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় সে ঘুরে দাঁড়াবে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল