নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন নেইমার

বিডি নিউজ ৬৪: আগামী ২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলের তারকা নেইমার। কাতালান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। শুক্রবার ক্লাবটি এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। আগামী মৌসুমে তার নতুন ক্লাবে চলে যাওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সায় থাকতে চুক্তিবদ্ধ হলেন এই স্ট্রাইকার।

বর্তমানে নেইমারের রিলিজ ক্লজ (চুক্তি থাকা অবস্থায় অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে যে পরিমাণ অর্থ শোধ করতে হবে) নির্ধারণ করা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। আগামী মৌসুমে এটা ২২২ মিলিয়ন ইউরোতে রুপান্তরিত হবে। তারপর এটা ২৫০ মিলিয়ন ইউরোতে পৌঁছাবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন যে ২৪ বছর বয়সী তারকা নেইমার ক্লাবটিতে থেকে যেতে সম্মত হয়েছেন।

নেইমারকে দলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই অনেক আগ্রহী ছিল।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর ১৪১ ম্যাচে ৮৫ গোল করেছেন নেইমার। একবার চ্যাম্পিয়ন্স লিগ ও দু’বার লা লিগার শিরোপাসহ মোট আটটি ট্রফি জিতেছেন তিনি।

সদ্য শেষ হওয়ার কোপা আমেরিকায় খেলা হয়নি নেইমারের। রিও অলিম্পিকের দলে রাখা হয়েছে তাকে। এখন পর্যন্ত অলিম্পিকে সোনা জিততে পারেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার ঘরের মাটিতে সোনা ধরতে নেইমারকে প্রস্তুত রেখেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *