ঢাবি ভিসির গাড়ি ধাওয়া, ভাঙচুর ছাত্রলীগের

 বিডি নিউজ ৬৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবন ঘেরাও এবং তার গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষুব্ধ তারা।

শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এর আগে ব্যক্তিগত গাড়িতে করে বাসভবনে যাওয়ার পথে টিএসসির সামনে ভিসির গাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। এসময় চালক দ্রুত গাড়ি চালিয়ে তাকে বাসভবনে পৌঁছে দেন। গাড়িটির সামনে কাচ ভেঙে ভিসির গায়েও পড়েছে। তবে তিনি গুরুতর আহত হননি।

এর আগে মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এসময় বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।

বর্তমানে ভিসির বাসভবনে সামনে পরিস্থিতি সামাল দিতে ভারপ্রাপ্ত প্রক্টরসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *