বিডি নিউজ ৬৪: গত বছরের নভেম্বরে একটি রুশ বিমানকে ভূপাতিত করেছিল তুরস্ক। ঘটনায় ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ওপর বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবার ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া।
রুশ বিমান ভূপাতিত করার পর ক্রেমলিনের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করেছিল তুরস্ক। সেই কারণেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। কিন্তু এ সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ঐ ঘটনার জন্য ক্ষমা চেয়ে চিঠি পাঠায় ক্রেমলিনে।
চিঠির জবাবে ভ্লাদিমির পুতিন তুরস্কে রুশদের ভ্রমণে নিসেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন। তুরস্কের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞাও ধীরে ধীরে তুলে নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
এরদোগানের চিঠির জবাবে প্রেসিডেন্ট পুতিন টেলিফোন করেন তাকে। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া তুরস্কের আতাতুর্ক বিমান বন্দর হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আতাতুর্ক বিমানবন্দরে মঙ্গলবার বন্দুক ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পুতিন। ঐ হামলায় ৪২ জন মানুষ নিহত হন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ নভেম্বর তুরস্ক সীমান্তের কাছে এসইউ-২৪ নামের একটি রুশ বোমারু বিমানকে গুলিবর্ষণে ভূপাতিত করে তুর্কি এফ-১৬ জঙ্গিবিমান। এরপর থেকেই দুদেশের মধ্যে কূটনৈতিক বৈরিতা সৃষ্টি হয়। ক্ষতির মুখে পড়ে তুরস্কের পর্যটন শিল্প।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল