বিডি নিউজ ৬৪:আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আকবর শেখ (৬৮) নামে সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মহম্মমদপুর উপজেলার আউনাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে আকবর শেখ স্ট্রোকে মারা গেছেন।
এলাকার বাসিন্দা আবু মোল্লা, ইউসুফ শেথসহ অন্যরা জানান, উপজেলার দিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ও একই ইউনিয়নের সাবেক মেম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাফর শেখের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে আবু জাফর মেম্বার গ্রুপের সদস্য আউনাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর শেখ (৬৮) গুরুতর জখম হন।
তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এছাড়া সংঘর্ষ চলাকালে ৫/৭টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
এদিকে, মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, ‘আকবর শেখ একজন বয়স্ক মানুষ। সংঘর্ষ চলাকালে তিনি সেখানে ছিলেন না। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মারা গেছেন’। তবে নিহতের স্ত্রী রেনু বেগম তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে বিচার প্রার্থনা করেন।
অন্যদিকে, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. কাজী আবু হাসান বলেন, ‘হাসপাতালে পৌঁছাবার আগেই আকবর শেখের মৃত্যু হয়েছে। তার বাম হাতের কবজিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলা সম্ভব নয়।’
এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল