মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টার পরিকল্পনাকারী খালিদ গ্রেপ্তার

 বিডি নিউজ ৬৪: মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীকে ঢাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। সে ঘটনায় জনতার হাতে হাতেনাতে আটক ফাহিম পরবর্তীতে ‘ক্রসফায়ারে’ নিহত হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলছেন, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম খালিদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার রাতে ডেমরা এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট খালেদকে গ্রেপ্তার করে। সে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী।

মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপনকে গত ১৫ জুন কুপিয়ে হত্যার চেষ্টা হয়। ওই সময় জনতার হাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম তিন দিন পর পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ফাহিমের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফাহিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। তাকে  জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হিযবুত তাহরীরের কর্মীরা দেশে সফট টার্গেট হত্যা মিশনে নেমেছে।
ডেমরায় গ্রেপ্তার খালিদ সাইফুল্লাহও ওই সংগঠনের জড়িত কি না- সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দেননি উপকমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *