নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে ছাত্রলীগের হামলায় শিশু গুলিবিদ্ধ

 বিডি নিউজ ৬৪: জেলার বন্দর উপজেলায় ‘বাংলা ডকইয়ার্ড’ নামে একটি বেসরকারি বাল্কহেড মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ওই সময়ে ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধসহ আরো ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ নেতার দাবি, শ্রমিকদের সঙ্গে মালিকের সংঘর্ষে এ ধরনের ঘটনা ঘটে।

বন্দর খেয়াঘাট সংলগ্ন সরকারি খাস জমি লিজ নিয়ে বাংলা ডকইয়ার্ড প্রতিষ্ঠা করেন হাজী আবুল কালাম বাসু। তিনি জানান, বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় এর আগে কয়েকবার ডকইয়ার্ডে হামলা চালায় খান মাসুদ। তিনি কয়েকবার ডকইয়ার্ডটিতে তালা মেরে বন্ধ করে দেন। পরে প্রশাসনের সহায়তায় তালা খোলা হয়।

বৃহস্পতিবার বিকেলে অস্ত্রশস্ত্র নিয়ে খান মাসুদের নেতৃত্বে ডকইয়ার্ডে আবারও হামলা চালানো হয়। তালা ভেঙে ডকইয়ার্ডে ঢুকে মালিক আবুল কালাম বাসুকে মারধর করে খান মাসুদের লোকজন।

এসময় হামলাকারীরা মোস্তফা (২৩), হোসেন (২৫) মাসুদ (২৪), নাদিম (২২) নামে চার শ্রমিককে পিটিয়ে আহত করে তারা। পরে অফিসের তালা ভেঙে ৪ লাখ ৪০ হাজার টাকা লুটে নেয়। পরে এলাকাবাসী ও পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা বেরিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় স্টাডি কিন্ডার গার্টেনের সামনে নয় বছরের শিশু মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একরামপুর এলাকার মাছ বিক্রেতা হাবিবুর রহমানের ছেলে ও ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

গোলাগুলিতে ডকইয়ার্ডের মালিক ও বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম বাসুসহ ৪ জন আহত হয়।

তবে হামলার ঘটনা অস্বীকার করে খান মাসুদ জানান, বাংলা ডকইয়ার্ডটি তার চাচা কুতুবউদ্দিন খানের মালিকানাধীন। আবুল কালাম বাসু ভাড়া নিয়ে তা দখল করে রেখেছেন। আমি হামলা করিনি বরং পাওনা টাকার জন্য বাসুর সঙ্গে শ্রমিকদের সংর্ঘষ হয়েছে।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হানিফ ও জাহাঙ্গীর নামের দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *