বিডি নিউজ ৬৪: আটলেতিকো মাদ্রিদকে বদলে দিয়েছেন দিয়েগো সিমিওনে। ২০১৪ সালের লা লিগা জেতানোর পাশাপাশি দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৬ সালে ফের ইউরোপসেরার লড়াইয়ের ফাইনালে তোলেন অ্যাটলেটিকোকে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যে ধস নামানো এই কোচরে সাফল্য ঈর্ষণীয়।
এবার দিয়েগো সিমিওনেকে কোচ করার জন্য অফিসিয়াল প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আর্জেন্টাইন এই কোচকে ছাড়তে রাজি না স্প্যানিশ ক্লাবটি।
আটলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেসো বলেন, ‘সিমিওনেকে আর্জেন্টিনার কোচ করার বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল। তখন তাদেরকে না বলে দিয়েছি আমি।’
এদিকে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার দলে জেরার্ডো মার্টিনোর দীর্ঘমেয়াদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আপাতত অলিম্পিকে বানেগা-ডি মারিয়াদের কোচ হিসেবে থাকছেন তিনি। তবে সিমিওনের কাছে প্রস্তাব দেয়ায় অনেকটা পরিষ্কার যে আর্জেন্টিনার কোচের ক্ষেত্রে পরিবর্তন আসছে। এএফএ-র পছন্দের তালিকায় সবার ওপরে সিমিওনে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল