বিডি নিউজ ৬৪: ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে দুর্দান্ত কয়েকটি মৌসুম কাটিয়েছেন জালাতন ইব্রাহিমোভিচ। গত ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক ছিলেন তিনি। বলতে গেলে ফরাসি ক্লাবটি থেকে রাজার মতোই বিদায় নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
পিএসজি ছাড়ার পরই অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন ইব্রা। এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন, ম্যানইউ তার পরবর্তী ঠিকানা।

বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সুইডেনের সদ্য সাবেক তারকা ফুটবলার লিখেছেন এভাবে,‘বিশ্বকে জানিয়ে দেয়ার সময় হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডই আমার পরবর্তী ঠিকানা। আমি আসতেছি।’
আগামী মৌসুমে হোসে মরিনহোর অধীনে খেলবেন ইব্রা! ওয়েন রুনিদের সঙ্গে জুটি বেঁধে ম্যানইউকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিতে নিজের সেরাটা উজাড় করে দেবেন তিনি। ভক্তদের প্রত্যাশা এমনই। সেটা করতে পারলে অনেকটা খেই হারিয়ে ফেলা ম্যানইউ ফিরে পাবে তাদের গৌরব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল