পাকিস্তানে প্রেমিকের কাছে যাওয়ার পথে রংপুরে আটকে গেল কিশোরী

বিডি নিউজ ৬৪: ফেসবুকে পরিচয় হওয়া পাকিস্তানি প্রেমিকের টানে ঘর ছেড়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে রংপুরেই আটকে গেলো বাংলাদেশী এক কিশোরীর যাত্রা। পুলিশের হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত পরিবারের কাছেই ফিরে যেতে হলো তাকে।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম বলছেন নবম শ্রেণীর পড়ুয়া ওই কিশোরীর বাড়ি গাজীপুরে। মঙ্গলবার স্থানীয়রা রংপুর বাস স্ট্যান্ড এলাকায় পেয়ে তাকে থানায় নিয়ে আসে।

মিস্টার ইসলাম বলেন মেয়েটি পুলিশকে জানিয়েছে যে ফেসবুকে পাকিস্তানী এক যুবকের সাথে পরিচয়ের পর প্রেমে পড়ে যায় তারা। এরপর ওই যুবকের সাথে দেখা করতেই বাড়ি ছেড়ে পাকিস্তান রওনা হয়েছে সে।

তিনি বলেন মেয়েটির দেয়া তথ্য অনুযায়ী ভারত পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিলো সে আর তাকে সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে সহায়তার কথা বলে গাজীপুর থেকে প্রথমে লালমনিরহাটে নিয়ে যায় তারই পূর্ব পরিচিত একটি ছেলে। পরে সীমান্ত পাড়ি দিতে ব্যর্থ হয়ে রংপুরে আসে তারা । বাস স্ট্যান্ডে স্থানীয়দের সন্দেহ হলে মেয়েটিকে নিয়ে আসা ছেলেটি সটকে পড়ে।

জাহিদুল ইসলাম বলেন পড়ে মেয়েটির কাছ থেকে ঠিকানা নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পিতা এসে তাকে নিয়ে যান।

যদিও এটি কি নিতান্তই প্রেমিকের কাছে পাকিস্তান যাত্রা নাকি পাচারকারীদের প্রলোভনের শিকার তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পুলিশের মধ্যেই। ইসলাম জানান তারা মেয়েটির বাবাকে স্থানীয় থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *