বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের সংঘর্ষে এক নারী যাত্রী ও একজন পরিবহন শ্রমিকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় পথচারীসহ আহত হয়েছে অন্তত পাঁচ জন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় আব্দুল্লাহপুরগামী খেয়া পরিবহনের একটি বাস ইউটার্ন নিতে গিয়ে একটি হিউম্যান হলারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলারটি উল্টে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত ও ান্তত পাঁচ জন আহত হয়। পরে আহতদের নিকটস্থ গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হিউম্যান হলারটির হেলপারের মৃত্যু হয় বলে জানা যায়। একই সময় হিউম্যান হলারের পেছনে থাকা অপর একটি খালি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়।
এদিকে দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছে দ্রুত দুর্ঘটনাকবলিত যানগুলো র্যাকারের মাধ্যমে সরিয়ে নেয়। তবে ততক্ষণে সড়কটিতে প্রায় ১৫ মিনিট যানচলাচল বন্ধ থাকে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির সড়ক দুর্ঘটনায় দুই জনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল